বাউল গানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ছবি: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক এ কর্মসূচির আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বাউল গানের মাধ্যমে নাগরিকদের সচেতন করা হবে।

আজ দুপুরে রাজধানীর গুলশান–২ এলাকার ডিসিসি মার্কেটের সামনে কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

ডিএনসিসি সূত্র জানায়, ২০ দিনব্যাপী এই কর্মসূচির আওতায় সংস্থাটির ৫৪টি ওয়ার্ডের ১০০টি স্থানে সচেতনতামূলক বাউল সংগীত পরিবেশন করা হবে। এতে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে মানুষকে সচেতন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, প্রচলিত প্রচারণার পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি নাগরিকদের জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ‘শনিবারের অঙ্গীকার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’—এই স্লোগান সামনে রেখে ডিএনসিসির সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। তিনি বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও নিজ নিজ বাসা ও আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততার বিকল্প নেই। তাঁর মতে, বাউল সংগীতের মতো জনপ্রিয় সাংস্কৃতিক মাধ্যম ব্যবহার করে সচেতনতা বাড়ানো আরও কার্যকর হতে পারে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা মো. আবদুস সাত্তার পাটোয়ারী, ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরীসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *