রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. ইমন, যিনি ‘অ্যালেক্স ইমন’ নামে পরিচিত, স্থানীয় একটি গ্রুপের নেতৃত্বে ছিলেন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অ্যালেক্স ইমন গ্রুপ ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন ইমন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং টহল জোরদার করা হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। তারা হলেন সাইফ, তুহিন ও রাব্বি কাজী। তাদের কাছ থেকে চাপাতি, কাটার ও স্টিলের পাতসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা সংঘর্ষে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংগুলোর মধ্যে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটছে এবং এসব গ্রুপের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
