চলতি সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করতে চায় বাফুফে

নিউজনেক্সট ডেস্ক:

2 Min Read

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৫ মে’র মধ্যেই লাল-সবুজের ডাগআউটের নতুন দায়িত্বশীলের নাম ঘোষণা করতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার (১০ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, প্রাথমিকভাবে বাছাই করা ১১ জন কোচের সঙ্গে অনলাইন সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে এবং এখনো আলোচনা চলমান রয়েছে।

তাবিথ আউয়াল জানান, “আমরা ১১ জনকে অনলাইন ইন্টারভিউতে ডেকেছিলাম। আলোচনা এখনও চলছে। ১৫ মে’র মধ্যে বিষয়টি চূড়ান্ত করতে চাই এবং সেদিনই ‘ফিউচার অফ বাংলাদেশ’ পরিকল্পনাও উপস্থাপন করব।”

তিনি আরও বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে উভয় পক্ষই এখনো বিকল্প প্রার্থীদের বিষয়ে খোলা মনোভাব রাখছে।

নতুন কোচ নিয়োগে বাজেট বড় কোনো বাধা হবে না বলেও ইঙ্গিত দেন বাফুফে সভাপতি। তিনি বলেন, নির্ধারিত বাজেটের মধ্যেই সমঝোতা হলে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে স্পন্সর ও বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে আলোচনা করে অতিরিক্ত অর্থায়নের বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

সম্প্রতি আলোচিত কোচ ব্রুনো মিচেলের অন্য ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য না করলেও বাফুফে সভাপতি জানান, এখন কোনো নির্দিষ্ট নাম নয়, বরং প্রার্থীদের পরিকল্পনা ও ভবিষ্যৎ ভিশনই মূল্যায়নের মূল ভিত্তি।

তিনি বলেন, “আমরা দেখতে চাই আগামী দুই বছরে কোচ বাংলাদেশ দলকে কোথায় নিতে পারবেন। তাদের পরিকল্পনা এবং আমাদের ভিশনের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন, সেটিই গুরুত্বপূর্ণ।”

বাফুফে সভাপতি আরও জানান, শুধু ফিফা র‍্যাঙ্কিং উন্নয়ন নয়, বরং দীর্ঘমেয়াদি ফুটবল উন্নয়ন পরিকল্পনাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দুই বছরের জন্য জাতীয় দলের কৌশলগত রূপরেখাও ১৫ মে একসঙ্গে তুলে ধরা হবে বলে জানান তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *