২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব সরাসরি আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছ থেকে কিনছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ জন্য সরকারের ব্যয় হবে প্রায় ৭৩ কোটি টাকা।
রোববার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। এর আগে প্রস্তাবটি অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত অনুমোদন পায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিটিভির মাধ্যমে বিশ্বকাপের ‘অল মিডিয়া রাইটস’ কেনার প্রস্তাব উত্থাপন করা হয়। পরে তা যাচাই-বাছাই শেষে সরকারি ক্রয় কমিটি অনুমোদন দেয়।
চুক্তি অনুযায়ী, ৭২ কোটি ৭০ লাখ টাকার বেশি ব্যয়ে সরাসরি ফিফার কাছ থেকেই সম্প্রচার স্বত্ব কেনা হবে। ফলে কোনো মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের মাধ্যমে নয়, সরাসরি উৎস থেকে স্বত্ব পাওয়ায় ব্যয় তুলনামূলক কম রাখা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এই স্বত্বের আওতায় বিটিভি টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওটিটি মাধ্যমেও বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করতে পারবে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর, যেখানে মোট ১০৪টি ম্যাচ খেলা হবে।
