চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক নতুন করে জোরদারের বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক পরিস্থিতি যাই হোক, দুই দেশের বন্ধুত্ব অটুট থাকবে বলেও তিনি জানিয়েছেন।
সোমবার পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন শি। প্রায় সাত বছর পর এই সফরকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নতুন বাস্তবতায় দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও কৌশলগত ও শক্তিশালী পর্যায়ে নিতে দুই দেশ একসঙ্গে কাজ করবে।
বৈঠকে শি জিনপিং সীমান্ত যোগাযোগ বাড়ানো, বেসামরিক বিমান চলাচল এবং আন্তর্জাতিক ট্রেন পরিষেবা পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বকে ভিত্তি করে জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করা প্রয়োজন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, বৈঠকে কৌশলগত সহযোগিতা জোরদার এবং বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চীন উত্তর কোরিয়ার প্রধান অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগী। তবে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি সংবেদনশীল বিষয় হয়ে রয়েছে।
বেইজিং আনুষ্ঠানিকভাবে কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার পক্ষে থাকলেও উত্তর কোরিয়া নিজেকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অবস্থান থেকে সরে আসেনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রেক্ষাপট এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে চীন উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও স্থিতিশীল রাখতে আগ্রহী।
