বড় বাজেটে করছাড়ের বার্তা, কমতে পারে নিত্যপণ্যের দাম

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কৃষিপণ্যে করছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। এসব পণ্যের ওপর উৎসে কর কমানোর মাধ্যমে বাজারে স্বস্তি ফেরানোর আশা করছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এটি তাঁর প্রথম বাজেট এবং চলতি বছরের নির্বাচনের পর গঠিত সরকারেরও প্রথম বাজেট।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেলসহ বিভিন্ন মৌলিক ভোগ্যপণ্যের ওপর উৎসে করের হার সর্বোচ্চ ৫ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিশুখাদ্য প্রস্তুতিতে ব্যবহৃত কাঁচামালে আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গসহ বিভিন্ন মসলায় বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে। খেজুর আমদানিতেও একই ধরনের শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

স্বর্ণের ওপর উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এতে স্বর্ণের বাজার আনুষ্ঠানিক খাতে আসবে এবং দামও কমতে পারে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।

বাজেটে বৈদ্যুতিক গাড়ির ওপর করছাড় এবং চার্জিং অবকাঠামো তৈরিতে বিভিন্ন সুবিধার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার ও মনিটর আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের কথা বলা হয়েছে।

স্বাস্থ্য খাতে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ভ্যাট ও অগ্রিম কর তুলে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে। ক্যানসারের ওষুধ তৈরির কাঁচামালেও রেয়াত দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাজেটে বিভিন্ন খাতে করছাড়ের পাশাপাশি কিছু খাতে কর ও শুল্ক বাড়ানোর প্রস্তাবও রয়েছে। ফলে কিছু পণ্যের দাম কমলেও কিছু পণ্যের দাম বাড়তে পারে। বাজেট বাস্তবায়নের পর বাজারে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *