শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সরকার বলছে, তরুণ প্রজন্মের চাহিদা ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেই এ খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ প্রস্তাব তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট প্রস্তাবে শিক্ষা খাতকে ১০টি অগ্রাধিকার খাতের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রী জানান, বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৩৯ শতাংশ। নতুন অর্থবছরে এ বরাদ্দ বাড়িয়ে জিডিপির প্রায় ২ শতাংশে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়িয়ে দক্ষ জনশক্তি তৈরি করা সরকারের অন্যতম লক্ষ্য। এ জন্য ধাপে ধাপে সরকারি ব্যয় বাড়িয়ে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও মানবসম্পদ উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।’
বাজেট প্রস্তাব অনুযায়ী, শিক্ষা খাতে এই বাড়তি বরাদ্দ বাস্তবায়িত হলে অবকাঠামো উন্নয়ন, পাঠ্যক্রম আধুনিকায়ন এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
