চীনের শানঝি প্রদেশে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার এক শোকবার্তায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে কাজ করা উদ্ধারকারী দলের প্রতি বাংলাদেশের সমর্থন ও প্রার্থনা রয়েছে। তিনি বলেন, এই দুর্যোগের সময়ে বাংলাদেশ চীনের পাশে রয়েছে।
তারেক রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের চিকিৎসা এবং ঘটনার তদন্তে চীনের চলমান উদ্যোগ প্রশংসার দাবিদার। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন এই কঠিন সময়ে ধৈর্য ও সাহস ধরে রাখতে পারে, সেই কামনাও করেন তিনি।
গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
