জুয়া ও অনলাইন বেটিং ঠেকাতে আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজনেক্সট প্রতিবেদক :

1 Min Read
ছবি: বাসস

দেশে জুয়া, বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক ও যুগোপযোগী নতুন আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ব্রিটিশ আমলের ১৮৬৭ সালের জুয়া আইন বাতিল করে নতুন আইন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বাস্তবতা ও প্রযুক্তিনির্ভর অপরাধ বিবেচনায় নতুন আইনটি প্রণয়ন করা হচ্ছে। আগামী সংসদ অধিবেশনেই এটি বিল আকারে উত্থাপন করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় বক্তব্য দেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

মাদকসংক্রান্ত মামলার জট কমাতে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠনের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মাদক আইনের সংস্কারের পাশাপাশি বিচারপ্রক্রিয়া দ্রুত করতে পৃথক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দগুচ্ছ পুনর্বহালের বিষয়েও সরকারের সিদ্ধান্তের কথা জানান সালাহউদ্দিন আহমদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন পাসপোর্টে আগের মতোই ‘এক্সেপ্ট ইসরাইল’ লেখা থাকবে। এটি জনগণের প্রত্যাশা এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *