রাজধানীর পল্লবীর সাম্প্রতিক ঘটনাসহ দেশের বিভিন্ন ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার নেতা–কর্মীরা। বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগে গিয়ে শেষ হয়।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাংলামোটরে দলের কেন্দ্রীয় (অস্থায়ী) কার্যালয়ের সামনে প্রাথমিক সমাবেশের পর মশাল মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, মিরপুরের পল্লবী, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন ঘটনায় নারীরা সহিংসতার শিকার হয়েছেন। তিনি রাজনৈতিক দলগুলোর ভেতরেও যৌন নিপীড়ন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি আরও বলেন, এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সব রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠনের আহ্বান জানান তিনি।
ঢাকা মহানগর উত্তর এনসিপির ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, নারীদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। সমাজে তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুবশক্তির পশ্চিমের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিনসহ অনেকে। সঞ্চালনা করেন যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মনসুর।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
