ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ব্যাপক কার্যক্রম চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন রাত সাড়ে আটটা পর্যন্ত প্রায় ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। মধ্যরাত নাগাদ এ পরিমাণ ১৮ হাজার টন ছাড়িয়ে যাবে বলে আশা করছে সংস্থাটি।
বৃহস্পতিবার রাতে নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, ডিএসসিসি এলাকায় প্রথম দিনে এক লাখ ১৮ হাজার ৭৮৯টি পশু কোরবানি হয়েছে। এসব বর্জ্য দ্রুত অপসারণে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।
ডিএসসিসি প্রশাসক আরও জানান, সিটি করপোরেশনের আওতাধীন অস্থায়ী পশুর হাটগুলোর প্রায় ৬৫ শতাংশ বর্জ্য ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে। বাকি চারটি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট বর্জ্যও সরিয়ে নগরী সম্পূর্ণ পরিচ্ছন্ন করা হবে।
বর্জ্য অপসারণ কার্যক্রমে নগরবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মো. আবদুস সালাম বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গঠনে ভবিষ্যতেও সবার সচেতনতা প্রয়োজন।
