পাটুরিয়া-দৌলতদিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য নুরুন্নিসা সিদ্দীকার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, বহুল প্রত্যাশিত এই সেতু প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ইতোমধ্যে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার প্রস্তুতি নিচ্ছে এবং এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় (সবুজ পাতা) ‘পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ’ প্রকল্পটি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
তবে এডিপিতে এখনো প্রকল্পটির জন্য সরাসরি কোনো বরাদ্দ রাখা হয়নি বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে সমীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সমীক্ষার মাধ্যমে প্রকল্পটির সম্ভাব্যতা, ব্যয় এবং কারিগরি দিকগুলো যাচাই করা হবে। এসব মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে সেতু নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
