দেশে গত ১০৩ দিনে হামে আক্রান্ত হয়ে ৭০৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছে ৯৩ জন, বাকি ৬০৯ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক (উপসর্গভিত্তিক) হামে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত সাত দিনে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি, তবে একই সময়ে সন্দেহজনক হামে ৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) সন্দেহজনক হামে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে।
একই সময়ে নতুন করে ৮৬৯ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৭৮৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ১০৭ জনের হামের ল্যাব পরীক্ষা পজিটিভ এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০৩ দিনে সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে ৮১ হাজার ২৮৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৭ হাজার ৬১৩ জন।
বিশেষজ্ঞরা বলছেন, সন্দেহজনক ও নিশ্চিত হামের মৃত্যুর মধ্যে পার্থক্য থাকলেও উপসর্গভিত্তিক মৃত্যুর উচ্চ সংখ্যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয়। তারা দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার ও নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।
