স্বাস্থ্য খাতে জনবল নিয়োগের প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে সরকার। নির্বাচনী ইশতিহারে ঘোষিত এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রমের প্রয়োজনে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে অনুমোদিত পদ, বর্তমানে কর্মরত কর্মকর্তা–কর্মচারী এবং শূন্য পদের পদভিত্তিক তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে আগামী ৯ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছকে তথ্য প্রস্তুত করে স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-৩ শাখায় হার্ড কপি জমা দেওয়ার পাশাপাশি নির্ধারিত ই–মেইল ঠিকানায় সফট কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ঔষধ প্রশাসন অধিদপ্তর, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন অন্যান্য দপ্তর ও সংস্থাকে এই তথ্য সরবরাহ করতে হবে।
স্বাস্থ্যসেবা বিভাগ জানিয়েছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয়ের অধীন জনবল কাঠামো ও শূন্য পদের সর্বশেষ চিত্র প্রস্তুত করা হবে। পরবর্তী প্রশাসনিক ও নিয়োগ–সংক্রান্ত কার্যক্রমে এই তথ্য ব্যবহার করা হবে।
