মানিকগঞ্জে এক সাব রেজিস্ট্রারের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ সময় তাদের মারধর করে ক্যামেরা, ট্যাব ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে জানা গেছে। এই দুই সাংবাদিক হলেন ‘ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম ওরফে রাজু হামিদ ও তার সহকর্মী শেখ মোখলেছুর রহমান (শহীদ)। রাজু হামিদ অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা অ্যাফেয়ার্স’-এর সম্পাদক এবং শহীদ একই পোর্টালের স্টাফ রিপোর্টার।
এ ঘটনায় বাদী হয়ে মানিকগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজু। অভিযুক্তদের মধ্যে একজন সরকারি সাব-রেজিস্ট্রার বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন— বর্তমানের ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হাসান (৫০) এবং তার সহযোগী মো. আল মামুন (৩৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরো দু-তিনজনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মুজাহিদুল ইসলাম ওরফে রাজু হামিদ ‘ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’-এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা অ্যাফেয়ার্স’-এর সম্পাদক। তার সাথে থাকা সহকর্মী শেখ মোখলেছুর রহমান (শহীদ) একই পোর্টালে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
ঘটনার বিবরণ দিয়ে অভিযোগে বলা হয়, নবাবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. নাজমুল হাসানের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ থানাধীন গঙ্গাধরপট্টি এলাকায় তার সাথে যোগাযোগ করেন ওই দুই সাংবাদিক। এ সময় তিনি তথ্য দেওয়ার কথা বলে তাদের অপেক্ষা করতে বলেন এবং কালক্ষেপণ করতে থাকেন।
পরবর্তীতে দুপুর দেড়টার দিকে সাব-রেজিস্ট্রারের সহযোগী মো. আল মামুন তাদের কৌশলে বেউথা রোডস্থ ‘বার্গারগঞ্জ’ নামক রেস্টুরেন্টে নিয়ে যান। এরপর সাংবাদিকরা রেস্টুরেন্ট থেকে বাইরে বের হওয়ার সাথে সাথে বিবাদী ও তাদের সহযোগীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায় এবং কিল-ঘুষি মেরে তাদের আহত করে।
হামলার একপর্যায়ে সাংবাদিকদের ব্যবহৃত একটি ক্যানন ৭১০০ মডেলের ক্যামেরা, বয়া মাইক্রোফোন ও একটি ট্যাব (যার আনুমানিক মূল্য ২ লাখ টাকা) ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া সম্পাদকের পকেটে থাকা নগদ ৮ হাজার টাকাও জোরপূর্বক নিয়ে নেওয়া হয়। এ সময় ভুক্তভোগীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় দুই হাজার টাকার ক্ষতি সাধন করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা পরবর্তীতে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
মানিকগঞ্জ থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত নাজমুল হাসানকে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
