চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার, নতুন শুনানি ৪ মে

মহিউদ্দিন, ঢাকা :

2 Min Read

রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আদেশ প্রত্যাহার করে নিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। একই সঙ্গে জামিন স্থগিতের আবেদনটি নতুন করে শুনানির জন্য আগামী রোববার (৪ মে) দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একইদিন বিকেল ৫টা ৫০ মিনিটে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং আরশাদুর রউফ। তবে সে সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জানান, চেম্বার বিচারপতি ৪ মে আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে পরবর্তী আদেশ দেবেন বলে জানিয়েছেন।

এর আগে দুপুরে হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এই আদেশ দেন আদালত। শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় সমাবেশে নেতৃত্ব দেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সমাবেশের কয়েক দিন পর, ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় চিন্ময়কে। জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময়ের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এরপর থেকে চিন্ময় কারাগারেই আছেন।

চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত চলতি বছরের ২ জানুয়ারি তার জামিন আবেদন নামঞ্জুর করে। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *