সরকারি চাকরিজীবীদের জন্য ‘বিশেষ সুবিধা’

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

চলতি বছরের ১ জুলাই থেকে সরকারি-বেসামরিক, স্ব-শাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ বাহিনীর কর্মচারী এবং পেনশনভোগীরা ‘বিশেষ সুবিধা’ নামের একটি নতুন আর্থিক প্রণোদনা পাবেন।

আজ মঙ্গলবার (৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বেতন গ্রেড অনুযায়ী গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ওপর ১০ শতাংশ এবং গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত কর্মচারীরা ১৫ শতাংশ হারে এই ‘বিশেষ সুবিধা’ পাবেন। তবে এটি ন্যূনতম ১,০০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ প্রণোদনা প্রতিবছর ১ জুলাই তারিখে প্রযোজ্য হবে এবং চাকরিজীবীদের বেতনের ভিত্তিতে নিয়মিত প্রদেয় হবে। পিআরএলে (অবসর-উত্তর ছুটি) থাকা কর্মচারীরা পিআরএলে যাওয়ার আগের বেতনের ভিত্তিতে সুবিধা পাবেন। পুনঃস্থাপনযোগ্য পেনশনভোগীরাও পেনশনের বর্তমান অংশ অনুযায়ী সুবিধা পাবেন।

তবে যারা তাদের সম্পূর্ণ গ্রস পেনশন এককালীন তুলে নিয়েছেন এবং এখনও পুনঃস্থাপনের জন্য যোগ্য নন, তারা এই সুবিধার আওতায় আসবেন না।

চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে সুবিধা নির্ধারিত হবে তাঁদের পূর্বের মূল বেতনের ভিত্তিতে। যদি কেউ একই সময়ে পেনশনও পান, তাহলে কেবল একটির ভিত্তিতে সুবিধা মিলবে। সাময়িক বরখাস্ত কর্মচারীরা বরখাস্ত হওয়ার আগে পাওয়া মূল বেতনের ৫০ শতাংশের ভিত্তিতে এ সুবিধা পাবেন, তবে বিনা বেতনে ছুটিতে থাকলে সুবিধা প্রযোজ্য হবে না।

সরকারি রাজস্ব বাজেটে পরিচালিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য স্ব-শাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা খাতের জন্য এ ব্যয় বহন করতে হবে নিজস্ব বাজেট থেকে।

এই প্রজ্ঞাপনের মাধ্যমে অর্থ বিভাগের ১৮ জুলাই ২০২৩ সালের পূর্ববর্তী নির্দেশনা বাতিল করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *