রাজধানীতে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন ঢাকা মহানগর এনসিপির নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুবশক্তির সংগঠক আবদুর রব এবং শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এনসিপি কার্যালয়ের নিচে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় অফিস ভবনের নিচে অবস্থান করছিলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

পরে রাত ১১টার দিকে নিজের ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, অজ্ঞাতনামা কেউ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। সদস্যসচিব আখতার হোসেন সেসময় ঘটনাস্থলে ছিলেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে। তা না হলে নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলোকে এই ব্যর্থতার দায় নিতে হবে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, দলের নিবন্ধন ইস্যুতে মানুষের আগ্রহ বাড়ছে। মানুষ কার্যালয়ে আসছে। সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

ঘটনার প্রতিবাদে রাত ১১টা ৪৫ মিনিটে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়।

এর আগের দিন বিকেলেও একই স্থানে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *