‘মব জাস্টিস’ সমর্থনযোগ্য নয়, আইনের শাসনের দাবি রিজভীর

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অপরাধী যত বড়ই হোক না কেন, উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার বা ‘মব জাস্টিস’ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, “গত তিনটি জাতীয় নির্বাচন ছিল শেখ হাসিনার একক নাট্যনাটক। এসব নির্বাচনের সময়ের প্রতিটি নির্বাচন কমিশনার ফ্যাসিবাদের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু তারা যত বড় অপরাধীই হোক, বিচার হতে হবে আইনের মাধ্যমেই, কোনোভাবেই ‘মব জাস্টিস’ দিয়ে নয়।”

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এখন স্পষ্ট। সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত অবৈধ মব জাস্টিস বন্ধ করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

রিজভী আরও বলেন, ‘মব জাস্টিসে’ দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রশ্ন রাখেন, “আদালতের ভেতরেই যখন আসামিরা পুলিশের উপস্থিতিতে হেনস্তার শিকার হয়, তখন রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কোথায়?”

ভোটারবিহীন নির্বাচনের দায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের ওপর বর্তালেও, বিএনপি চায় তাদের বিচার হোক আইনগত প্রক্রিয়ায়।

স্বাস্থ্য খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, দেশে আবারও করোনার প্রকোপ বাড়ছে, ডেঙ্গু পরিস্থিতিও ভয়াবহ আকার নিচ্ছে। অথচ সরকার কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। অবিলম্বে স্বাস্থ্য খাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো. জসিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ মাহমুদ হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *