শেবাচিমে দালাল দেখলেই ব্যবস্থা, নির্দেশ হাসপাতাল পরিচালকের

মো. রানা, বরিশাল ব্যুরো :

2 Min Read

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম)-এ দালাল ও বাহিরের ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের দৌরাত্ম্য ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীসেবা, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা ব্যবস্থায় উন্নয়ন আনতে সরাসরি নির্দেশ দিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর।

সোমবার পরিচালকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় হাসপাতালের কার্যক্রম সম্প্রসারণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং দালালচক্র নির্মূলের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে পরিচালকসহ বিভাগীয় প্রধানরা ওয়ার্ড ও ইউনিট পরিদর্শন করেন।

সভায় সভাপতিত্ব করেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু, এনেসথেসিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাফিকুল ইসলাম, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আহসান হাবিবসহ বিভিন্ন বিভাগের প্রধানগণ।

সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো:

  • মেডিসিন ভবনের অতিরিক্ত চাপ কমাতে পুরাতন ভবনে বিভাগ সম্প্রসারণ।
  • ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতাল এলাকায় প্রবেশ নিষিদ্ধ।
  • রোগী দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নিয়ম চালু।
  • ওয়ার্ড বা ইউনিট অপরিচ্ছন্ন থাকলে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা এবং বেতন কর্তনের সিদ্ধান্ত।
  • বাহিরের ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের কোনো প্রতিনিধিকে হাসপাতাল এলাকায় পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় আনা।

এই নির্দেশনার বাস্তব প্রয়োগে মঙ্গলবার (৫ আগস্ট) মেডিসিন ভবনে অভিযান চালায় পুলিশ ও আনসার বাহিনী। অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী পরিচয়ধারী তপু সিকদারকে আটক করে থানায় পাঠানো হয়। পরে তিনি মুচলেকা দিয়ে ছাড়া পান।

হাসপাতাল পরিচালক জানান, রোগীসেবা নিশ্চিত করতে দালালমুক্ত পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য এবং এতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *