ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
বিএফআইইউ লোগো

ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (৩০ জুন) দেশের সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

বিএফআইইউ’র পাঠানো চিঠি অনুযায়ী, শওকত আলী চৌধুরী ছাড়াও তার স্ত্রী ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরীন এবং ছেলে মো. জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, এসব ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের নামে ব্যাংকে হিসাব থাকলে তা অবিলম্বে স্থগিত রাখতে হবে। পাশাপাশি আগামী ২ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট হিসাবের ওপেনিং ফরম, লেনদেন বিবরণী, কেওয়াইসি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিএফআইইউ বরাবর পাঠাতে বলা হয়েছে।

বিএফআইইউর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, শওকত আলী চৌধুরীর সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তে নামে বিএফআইইউ। ইতোমধ্যে সংস্থাটি ১১টি যৌথ তদন্ত দল গঠন করেছে এবং বহু ব্যাংক হিসাব স্থগিত করেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *