খুলনায় যুবদল নেতাকে গুলি ও রগ কেটে নৃশংসভাবে হত্যা

স্টাফ রিপোর্টার, খুলনা:

2 Min Read
মাহবুব মোল্লা

খুলনা মহানগরীর দৌলতপুরে যুবদলের সাবেক নেতা মাহবুব মোল্লা (৩৫) নৃশংসভাবে খুন হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দুপুর দেড়টার দিকে পশ্চিম মহেশ্বরপাশা এলাকার নিজ বাসার সামনে তাকে গুলি ও রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন মাহবুবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মাহবুব দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, জুমার নামাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে মাহবুবকে লক্ষ করে গুলি চালায়। এরপর তার শরীরের বিভিন্ন স্থানে রগ কেটে দিয়ে পালিয়ে যায় তারা। হামলাকারীদের একজন হেলমেট পরিহিত থাকলেও অপর দুজনের মুখ খোলা ছিল বলে জানান স্থানীয়রা।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মাহবুবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীরা জানান, হামলাটি এত দ্রুত ঘটেছে যে কেউ কিছু বোঝার আগেই দুর্বৃত্তরা কাজ সেরে পালিয়ে যায়। ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এ হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংশ্লিষ্ট একটি ঘটনার জেরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাহবুবকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছিল।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *