রাকসুতে ছাত্রদলকে ঠেকাতে পাকিস্তানপন্থী প্রশাসনের ষড়যন্ত্র: রাবি ছাত্রদল

সজল মাহমুদ,রাজশাহী :

2 Min Read

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদলের অংশগ্রহণ ঠেকাতে ‘পাকিস্তানপন্থী’ প্রশাসনের ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন। পাঁচ দফা দাবি তুলে ধরে আয়োজিত এ কর্মসূচিতে রাহী বলেন, “আজ পাকিস্তানি পেতাত্মারা, যারা দুর্নীতি করে ব্যাংক শূন্য থেকে অর্থকুবের হয়েছে, তারা পাকিস্তানের কাছে বিক্রি হয়ে রাকসুকে ভঙ্গ করার ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্রদলের বিরুদ্ধে চলছে মিথ্যাচার ও চক্রান্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) বিতর্কিত নির্বাচনের নির্বাচন কমিশনারকেই আলোচনাবিহীনভাবে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “আমরা চাই কোনো শিক্ষক যেন অপমানিত না হন। তবে চাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন। প্রথম বর্ষের শিক্ষার্থীরা, যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তাদের ভোটাধিকার নিশ্চিত না করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শাখা সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। ভোটকেন্দ্র যেন আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে হয়। এছাড়া স্বচ্ছ ও ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে, যাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে।”

পাঁচ দফা দাবি:

১. প্রথম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি
২. ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর
৩. হালনাগাদ ছবি সংযুক্ত করে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ
৪. আবাসিক হলে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত
৫. বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা, যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন-১ এর সামনে গিয়ে শেষ হয়। পরে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন,“আমরা তাঁদের দাবি পেয়েছি, বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। নির্বাচনের সাথে সম্পর্কিত দাবিগুলো নির্বাচন কমিশন দেখবে।”

সমাবেশ ও মিছিলে ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক নাফিউল জীবনসহ সংগঠনের বিভিন্ন স্তরের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *