ডাকসু প্রার্থীদের প্রচার কার্যক্রমের নির্দেশনায় যা আছে

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম আজ মঙ্গলবার থেকে শুরু হবে। প্রার্থীরা ৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। সোমবার রাত পৌনে ১০টায় জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে ডাকসু নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিতরণ করা যাবে। প্রার্থীর নিজের সাদাকালো ছবি ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল এলাকায় কোনো স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ-টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুর ওপর পোস্টার লাগানো যাবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল নষ্ট করা যাবে না। দেয়াল বা যানবাহনে কালি, চুন বা কেমিক্যাল ব্যবহার করে কোনো লিখন, ছাপচিত্র বা চিত্রাঙ্কন করা যাবে না।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাস ও আবাসিক হলে রাত ১১টা পর্যন্ত ব্যক্তি বা সংগঠনের পরিচয়ে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচারণার দিনগুলোতে কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।

এছাড়া ক্যাম্পাস বা হলে মজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চালানো নিষিদ্ধ। এই নিয়ম লঙ্ঘন করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং আচরণ বিধিমালা ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ছাত্রী হলগুলোতে প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *