রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৫টার দিকে তাহসিম তপু এবং সাড়ে ৫টার দিকে ইরাম দেওয়ান মারা যান।
নিহত ইরাম দেওয়ান (২৬) আইইউবি’র অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী এবং তাহসিম তপু (২৫) ইউআইইউ’র অনার্স তৃতীয় বর্ষে পড়তেন। দুজনই সানারপাড় এলাকার বাসিন্দা।
নিহতদের বন্ধু তাওসিফ জানান, তারা রাতের খাবার শেষে বন্ধুর এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নিতে মাতুয়াইল এলাকায় যান। সেখানে থেকে মোটরসাইকেলে ফেরার পথে কোনাপাড়ায় উল্টো দিক থেকে আসা ময়লার গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইরাম ও তাহসিম গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ডেমরা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িটি জব্দ করে, তবে চালক পালিয়ে যায় বলে জানায় পুলিশ। থানার উপপরিদর্শক (এসআই) রুবেল হাওলাদার জানান, প্রাথমিকভাবে এটি একটি মুখোমুখি সংঘর্ষ বলে ধারণা করা হচ্ছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
