জাতীয় পতাকায় মোড়ানো কফিনে দেশে ফিরেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইট শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দর থেকে হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমাগারে সংরক্ষণের জন্য নেওয়া হয়। পরে প্রেস উইং থেকে পাঠানো আরেক বিবৃতিতে জানানো হয়, শহীদ শরিফ ওসমান হাদির জানাজা শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে না আনতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়।
এর আগে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় বিজি-৫৮৫ ফ্লাইটটি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকার কথা উল্লেখ করে সরকার শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুসংবাদ পাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন। তিনি আরও বলেন, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে নির্বাচনে অংশ নিতে প্রচার চালাচ্ছিলেন শরিফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তিনি গুলিবিদ্ধ হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
