দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করলো বিমান

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

সাইবার নিরাপত্তা ও করপোরেট তথ্য সুরক্ষার লক্ষ্যে দাপ্তরিক কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর বিকল্প হিসেবে প্রতিষ্ঠানটি কর্মীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরাপদ প্ল্যাটফর্ম মাইক্রোসফট টিমস ব্যবহারের নির্দেশনা দিয়েছে।

সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আইটি বিভাগ থেকে জারি করা এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়, করপোরেট নেটওয়ার্ক ও তথ্যের নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপের ব্যবহার ঝুঁকিপূর্ণ হওয়ায় এর ব্যবহার সীমিত করা হয়েছে। মাইক্রোসফট টিমস ব্যবহার করলে টেক্সট, ভয়েস, ভিডিও কল ও ফাইল শেয়ারিংসহ নানামুখী করপোরেট সুবিধা পাওয়া যাবে, যা পেশাদার যোগাযোগকে নিরাপদ ও কার্যকর করবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্বের বহু করপোরেট প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা ইতোমধ্যেই হোয়াটসঅ্যাপকে দাপ্তরিক যোগাযোগের মাধ্যম হিসেবে বাদ দিয়েছে, কারণ এটি থার্ড-পার্টি অ্যাপ হওয়ায় অনেক ক্ষেত্রেই তথ্য চুরির ঝুঁকি থেকে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বলেন, ‘মাইক্রোসফটের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। এখন থেকে টিমস প্ল্যাটফর্মে অনলাইন বৈঠক ও দাপ্তরিক যোগাযোগ হবে।’ তিনি জানান, কয়েক মাস আগেই অফিস কম্পিউটারগুলোতে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করা হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে সাইবার নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি কর্মীদের মধ্যে আরও পেশাদার যোগাযোগ সংস্কৃতি গড়ে উঠবে বলেও মন্তব্য করেন রওশন কবীর।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *