সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা–২০২৫কে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে দেশব্যাপী গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের দুর্গাপূজায় সারাদেশে ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত প্রতিটি ব্যাটালিয়ন এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
এতে আরও বলা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে রাজধানীতে র্যাবের ৯৪টি টহল এবং সারাদেশে ২৮১টি টহল দল মোতায়েন রয়েছে। পাশাপাশি প্রতিটি ব্যাটালিয়ন কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।
র্যাব সদর দপ্তর সার্বক্ষণিকভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করছে জানিয়ে বলা হয়, দুর্গাপূজাকে ঘিরে কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট বা নাশকতার চেষ্টা করে, তবে দ্রুত র্যাবকে জানাতে হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা–সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য র্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
