সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ডা. জুবাইদা রহমান হাদীর ছোট ভাই ওমর এবং তার বোনের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারের খোঁজ-খবর নেন। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও ডা. আমানুল্লাহ আমান।
পরিবারের সঙ্গে দেখা করার মাধ্যমে তিনি আহত প্রার্থী ও পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর বাম কানের পাশে লাগে, ফলে তিনি রিকশা থেকে পড়ে যান। আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে হাদিকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়, যেখানে আগে থেকেই চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
