ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান সিসিটিভি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে যেসব কেন্দ্রে সিসিটিভি নেই, সেখানে অন্তত ভোটের দিনের জন্য তা স্থাপনের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব বিষয় জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ভোটগ্রহণের আগেই ভোটকেন্দ্রগুলো ভোটার চলাচলের উপযোগী করে প্রস্তুত করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী অবকাঠামোগত সংস্কার সম্পন্ন করতে হবে। যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে ভোটকেন্দ্র পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতী নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বিশেষ করে সাইক্লোন সেন্টারগুলোতে এসব ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত, আর আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে।
নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
