ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে পৌঁছানোর কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তার মরদেহ বহন করা হবে, যা সিঙ্গাপুর থেকে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেবে। বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে অবতরণের সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান বিন হাদি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবর একই রাতে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করে ইনকিলাব মঞ্চ। তবে তখন পর্যন্ত তার জানাজার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী আনুষ্ঠানিকতা ও জানাজা সংক্রান্ত তথ্য পরবর্তীতে গণমাধ্যমকে জানানো হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় গণসংযোগকালে শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলা চালানো হয়। সে সময় তিনি একটি চলন্ত রিকশায় অবস্থান করছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার কাছাকাছি এসে পেছনে বসা একজন খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে ১৬ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।
