দীর্ঘ ১৭ বছর পর ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে গুলশানের বাসভবন থেকে তার গাড়িবহর নয়াপল্টনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং বিকাল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়।
তারেক রহমানের এই আগমনকে ঘিরে দুপুর থেকেই নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ভিড় জমতে থাকে। দীর্ঘ সময় পর দলীয় প্রধানকে সরাসরি কাছে পেয়ে নেতাকর্মীদের মধ্যে আবেগ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্লোগান, করতালি ও শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রায় দেড় যুগেরও বেশি সময় পর নয়াপল্টনে তারেক রহমানের উপস্থিতিকে বিএনপির রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন দলটির নেতাকর্মীরা। অনেকেই একে দলের জন্য নতুন উদ্দীপনা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির বার্তা হিসেবে উল্লেখ করছেন।
এদিকে, তার সফরকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয় পুরো এলাকা জুড়ে।
