ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারি দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকার মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তিনি জানান, দ্রুত বিচার নিশ্চিত করতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যেই এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি ও প্রচার-প্রচারণাকালে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনি পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে—রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সভায় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি, শহীদ শরিফ ওসমান হত্যা মামলার অগ্রগতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান জোরদার, সীমান্ত পরিস্থিতি এবং পার্বত্য চট্টগ্রামের সার্বিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে সংশ্লিষ্ট উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *