রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব: বাড়ছে শিশু রোগীর চাপ, সতর্কতার আহ্বান

সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধি :

2 Min Read

রাজশাহী অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় বিভাগের সবচেয়ে বড় সরকারি চিকিৎসাকেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে আরও ৫০ জন শিশু ভর্তি হয়েছে।

হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৮০ জন শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে ২৮ জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে। আক্রান্তদের জন্য নির্ধারিত কর্নার এবং সাধারণ শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৬৫ শতাংশের বয়স ৬ মাসের নিচে, যা চিকিৎসকদের জন্য উদ্বেগজনক।

এদিকে, হাসপাতালের পরিচালক বলেন, বিভিন্ন জেলা থেকে আশঙ্কাজনক অবস্থায় রোগী আসার সংখ্যা বেড়েছে। সীমিত আইসিইউ সুবিধা ও জনবল নিয়ে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, জনগণকে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে। একইসঙ্গে ৯ মাস বয়সের আগেই শিশুদের মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধির কারণ খুঁজে বের করতে গবেষণার দাবি জানান তিনি।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের আটটি জেলায় এখন পর্যন্ত অন্তত ৫০০ শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৪২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ৪১১ জনের। পরীক্ষায় ১৩৭ জনের শরীরে হাম রোগ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *