ইরানে ১২ দিনে প্রাণ হারিয়েছেন ৫৬ সামরিক সদস্য

1 Min Read
শহীদ কমান্ডার ও বিজ্ঞানীদের বিদায় জানাতে তেহরানে জানাজায় মানুষের ঢল, ছবি - তেহরান টাইমস

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের উত্তর আলবোর্জ প্রদেশে বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর সদর দপ্তরে ইসরায়েলি হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে সেনা সদস্য ছাড়াও বেসামরিক নাগরিক রয়েছেন। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে গত সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা আলবোর্জ অঞ্চলে আইআরজিসির সহযোগী বাসিজ আধাসামরিক বাহিনীর সদর দপ্তর এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ইউনিট লক্ষ্য করে হামলা চালিয়েছে।

শুক্রবার (২৭ জুন) ইরানের সামরিক বাহিনী জানায়, চলমান দ্বন্দ্বে গত ১২ দিনে ইসরায়েলি হামলায় দেশটির অন্তত ৫৬ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ছিলেন বলেও জানানো হয়েছে, যদিও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর ধারাবাহিক বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ৬০৬ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছেন।

অন্যদিকে, জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্যমতে, ইসরায়েলে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *