চট্টগ্রাম কাস্টমসে ফের চালু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

চট্টগ্রাম কাস্টম হাউসে আজ রোববার (২৯ জুন) সন্ধ্যার পর থেকে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। এর ফলে ধীরে ধীরে সচল হতে শুরু করেছে চট্টগ্রাম বন্দর। কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে শনিবার সকাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ ছিল।

আজ সন্ধ্যায় সরকার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন সব ধরনের চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সেবা’ হিসেবে ঘোষণা করে এবং আন্দোলনরত কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানায়। সরকারের পক্ষ থেকে জানানো হয়, কেউ কাজে যোগ না দিলে দেশের জনগণ ও অর্থনীতির স্বার্থে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা সন্ধ্যার পর কাজে ফেরার সিদ্ধান্ত নেন।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সব ধরনের কাজ পুনরায় শুরু হয়েছে।

শাটডাউন কর্মসূচির কারণে গতকাল থেকে ঢাকাসহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এতে একদিনে চট্টগ্রাম বন্দরে রপ্তানি হয়নি সাড়ে তিন হাজার কনটেইনার পণ্য। কর্মসূচি প্রত্যাহার হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমসবিষয়ক সম্পাদক এ এস এম রেজাউল করিম জানান, কাস্টমসের পক্ষ থেকে কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এরপরই আমাদের সদস্যদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

বেসরকারি কনটেইনার ডিপো সমিতির মহাসচিব রুহুল আমিন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাস্টমস কর্মকর্তারা ডিপোতে এসে কার্যক্রম শুরু করেছেন।

আগামীকাল সোমবার থেকে বন্দর কার্যক্রম পুরোদমে স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *