ট্রেনের ধাক্কায় সেলফির আনন্দ শেষ, নবদম্পতির করুণ মৃত্যু উত্তরায়

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

1 Min Read

রাজধানীর উত্তরার কোর্টবাড়ি এলাকায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুম মিয়া (২৫) ও তার স্ত্রী ইতি খাতুন (১৯)।

ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, মাসুম ও ইতি রেললাইনের ওপর হাঁটছিলেন এবং সেলফি তুলছিলেন। এ সময় সেখানে দুটি ট্রেন ক্রসিং করছিল। হঠাৎ জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইতি খাতুন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় মাসুমকে পথচারীরা উদ্ধার করে কুয়েত-মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে তিনিও মারা যান।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, মাসুমের বাড়ি নেত্রকোনা জেলায় আর ইতির বাড়ি ময়মনসিংহে। পরিবারের অমতে প্রায় এক মাস আগে তারা বিয়ে করেন এবং পরে দক্ষিণখান এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। দুজনেই গার্মেন্টসে চাকরির সন্ধানে ছিলেন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *