যশোরের বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪২) নামে এক কসাইকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক আড়াইটার দিকে নিজ বাড়ির ভিতরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত মিজানুর রহমান ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন এবং প্রতি শুক্রবার কসাইয়ের কাজ করতেন। ধারণা করা হচ্ছে, রাত আড়াইটা থেকে ভোর ৪টার মধ্যে তাকে হত্যা করা হয়।
নিহতের স্ত্রী জানান, রাত আড়াইটার দিকে গরু জবাইয়ের জন্য ভ্যান চালক বাইরে থেকে ডাকাডাকি করছিল। তখন তিনি ঘর থেকে বের হয়ে স্বামীকে উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
এলাকাবাসী ইউনুস আলী বলেন, “মিজান একজন গরু ব্যবসায়ী। রাতে মহাজনের সাথে তার শেষবার ফোনে কথা হয়। পরে মহাজন তাকে আনার জন্য ভ্যান পাঠান। ভ্যানচালক গেটে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে নিহতের বড় ভাই জুলু এগিয়ে আসেন। তখন ভেতর থেকে কান্নার শব্দ শুনে সবাই বাড়ির ভিতরে ঢুকে মিজানকে জবাই করা অবস্থায় পড়ে থাকতে দেখেন। মিজান গ্রামের কারও সঙ্গে ঝামেলায় জড়াতেন না। এটি রহস্যজনক হত্যাকাণ্ড বলে আমরা মনে করছি।”
ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সর্দার বলেন, “রাত ৪টার দিকে নিহতের ছোট ভাই আমাকে খবর দিলে আমি থানায় জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ও লাশের পাশে একটি ছুরি উদ্ধার করে। আমার কাছে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে।”
বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ জানান, রাত ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
