সেনা পাহারায় রাজস্ব ভবনে ফিরলেন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের ‘অবাঞ্ছিত’ ঘোষণার তিন দিন পর সেনা ও পুলিশ পাহারায় নিজ কার্যালয়ে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আজ রোববার বিকেল ৪টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে প্রবেশ করেন তিনি।

সেই সময় রাজস্ব ভবনের সামনে তিনটি সেনাবাহিনীর গাড়ি অবস্থান নেয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর ফুয়াদ আল ইসলামের নেতৃত্বে একটি দল পরে এনবিআর চেয়ারম্যানের কার্যালয়েও প্রবেশ করে। এর আগে থেকেই ভবনের বাইরে ও অভ্যন্তরে পুলিশের কঠোর উপস্থিতি ছিল।

এর আগে ২৬ মে চেয়ারম্যানকে অপসারণের দাবি জানিয়ে ২৯ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। নির্ধারিত সময়ের মধ্যে সেই দাবি না মানায় গত বৃহস্পতিবার (৩০ মে) তাঁকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে সংগঠনটি। ফলে রাজস্ব ভবনে তিনি প্রবেশ করতে পারছিলেন না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১২ মে রাতে সরকার ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ—২০২৫’ জারি করে এনবিআরকে দুটি বিভাগে ভাগ করে দেয়। এর বিরোধিতা করে পরদিন থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও কলমবিরতি কর্মসূচি শুরু করেন। কর্মীদের দাবির মুখে অর্থ মন্ত্রণালয় ঘোষণা দেয়, এনবিআর বিলুপ্ত নয় বরং স্বাধীন ও বিশেষায়িত বিভাগে রূপান্তরের প্রক্রিয়া চলছে। ৩১ জুলাইয়ের মধ্যে সংশোধিত অধ্যাদেশ প্রণয়নের আশ্বাসে কর্মসূচি স্থগিত হলেও চেয়ারম্যানের অপসারণ না হওয়ায় উত্তেজনা অব্যাহত থাকে।

পরবর্তী সময়ে আন্দোলনরত কর্মকর্তারা চেয়ারম্যানের ভবনে প্রবেশ ঠেকাতে কার্যালয়ের সামনে অবস্থান নেন। ফলে গত কয়েকদিন তিনি রাজস্ব ভবনে যেতে পারেননি এবং সাংবাদিকদেরও এড়িয়ে চলেছেন। বাজেট প্রণয়নের কাজ তিনি বাসা থেকেই পরিচালনা করে আসছিলেন।

এদিকে, এনবিআর কর্মকর্তাদের একাংশ চেয়ারম্যানের সঙ্গে ‘অসহযোগ’ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে এখনো প্রশাসনিক পর্যায়ে নানা আলোচনা চললেও এনবিআরের অভ্যন্তরে অস্থিরতা পুরোপুরি কেটে যায়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *