রোডম্যাপ চায় বিএনপি, বিতর্কিত উপদেষ্টাদের অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে। শনিবার (২৪ মে) রাতে যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

ড. মোশাররফ বলেন, “আমরা বলেছি সংস্কারের কাজ দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। পাশাপাশি বিতর্কিত ব্যক্তিদের সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপির নেতা-কর্মীরা বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। সেই কারণেই আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার চলবে। নির্বাচনের পর যারা ক্ষমতায় আসবে, তারা এই প্রক্রিয়া সম্পন্ন করবে।

বৈঠকে অংশ নেওয়া স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি তারা লিখিত ও মৌখিকভাবে উত্থাপন করেছেন। তিনি বলেন, এই তিনজনের কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাদের অপসারণের দাবিতে আমরা আবারও লিখিত বক্তব্য দিয়েছি।

এ বিষয়ে আশ্বাস পেয়েছেন কিনা জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, উনারা (প্রধান উপদেষ্টার দপ্তর) বলেছেন, বিষয়টি দেখবেন। আমরা আমাদের বক্তব্য দিয়ে এসেছি। এখন তাদের প্রেস ব্রিফিংয়ের পর প্রতিক্রিয়া জানাবো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে মূলত তিনটি বিষয় সংস্কার, বিচার এবং নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সংস্কারের বিষয়ে আমরা যে অবস্থান জানিয়েছি, তাতে ওনারা একমত হয়েছেন। আলোচনার ভিত্তিতেই সংস্কার সম্পন্ন হবে এবং দ্রুত এই প্রক্রিয়া শেষ করা সম্ভব।

তিনি আরও জানান, বিচার বিভাগ বিচার করবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এমনকি ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব এমন আলোচনাও হয়েছে।

স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান বলেন, আমরা স্পষ্ট করে বলেছি বাংলাদেশের যে নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, তা অবসানে দ্রুত নির্বাচন জরুরি। একটি সঠিক ঘোষণা এলে দেশে শান্তি ও গণতন্ত্র ফিরে আসবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *