সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়া যুবককে রাতে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

1 Min Read
মো. ইমন, ছবি - সংগৃহীত।

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব বিরোধের জেরে ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন একই এলাকার বাসিন্দা ওমর খৈয়ামের ছেলে।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন কারাভোগের পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন ইমন। রাতের দিকে স্থানীয় এক ব্যক্তি ফোন করে তাকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান। পরে সেখানে কয়েকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

ইমনের বাবা জানান, হামলার পর প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন ইমন। তবে সেখানেও হামলাকারীরা তাকে আবার কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, দুই পক্ষই মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইমন মাদক ও ডাকাতির প্রস্তুতির একটি মামলায় কারাগারে ছিলেন এবং সোমবার জামিনে মুক্তি পান। প্রতিপক্ষের কয়েকজনও সম্প্রতি জামিনে বের হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *