অন্য ধর্মের নাগরিকরাও জামায়াতের টিকিটে নির্বাচন করতে পারে ইঙ্গিত আমিরের

বিশেষ প্রতিনিধি :

2 Min Read
জামায়াত আমির ডা. শফিকুর রহমান, ফাইল ছবি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য ধর্মের নাগরিকরাও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য (এমপি) পদে লড়বেন বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ভাষানটেকে আয়োজিত এক গণসমাবেশে এ কথা জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ আর পুরোনো বস্তাপচা রাজনীতি চায় না। পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে না। তিনি বলেন, সমাজের সব স্তরে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে, নারী-পুরুষ সবাই সম্মানের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এবং উন্নয়নের অংশীদার হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির জানান, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি ও নীতিকে সমর্থন করবে, আমরা তাদের প্রতি অভিনন্দন জানাতে প্রস্তুত। নির্বাচিত হলে সব মানুষকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করা হবে। ডা. শফিকুর রহমান আরও বলেন, সরকার পরিচালনার মূল ভিত্তি হবে মহান আল্লাহর ভয়। আল্লাহকে ভয় করা মানুষ জনগণের সমস্ত আমানত নিরাপদ রাখতে সক্ষম।

তিনি আরও উল্লেখ করেন, অনেকে অভিযোগ করেছেন যে জামায়াত ইসলামী হওয়ায় অন্য ধর্মের মানুষরা নিরাপদ নয়। প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ৫৪ বছরের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে জামায়াতের কোনো নেতা অন্য ধর্মের মানুষের ওপর জুলুম, ইজ্জতের হানি বা সম্পদ লুণ্ঠন করেনি। আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার তৌফিক দেন, তারা বাংলাদেশে নিরাপদ থাকবে এবং আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর হয়েও তাদের কেউ কেউ সংসদ সদস্য (এমপি) হবেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো দেশ ছেড়ে পালায় না। আমরা আন্দোলন করেছি, জীবন দিয়েছি, কিন্তু দেশকে কখনো ত্যাগ করি নি। আমাদের দেশের মানুষ ও দেশই আমাদের সবচেয়ে বড় প্রিয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *