পোশাকশিল্পের সমস্যা দ্রুত সমাধানে নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
ছবি : পিএমও

দেশের তৈরি পোশাক খাতের অগ্রগতিতে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দ্রুত দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব এমন সমস্যাগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকের বিষয়টি প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সাংবাদিকদের জানান।

বৈঠকে বিজিএমইএর প্রতিনিধিরা পোশাকশিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি শিল্পের উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কয়েকটি প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।

প্রধানমন্ত্রী প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, পোশাকশিল্পের অনেক সমস্যা দীর্ঘদিন ধরে জমে আছে। তাই সব সমস্যার সমাধান একসঙ্গে সম্ভব না হলেও যেগুলো দ্রুত সমাধান করা যায়, সেগুলোর বিষয়ে সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ খাতের প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে। টেকসই শিল্পায়ন নিশ্চিত করতে সরকার ব্যবসাবান্ধব নীতি ও বাজেট বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণের পাশাপাশি ব্যবসায়ীদের সমস্যার সমাধান করাও সরকারের দায়িত্ব। সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে এবং পোশাকশিল্পের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

বিজিএমইএর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন এবং বিজিএমইএর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *