অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান, চার দফা দাবিতে অনড় ঐক্য পরিষদ

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
এনবিআর বিলুপ্তির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২২ মে) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, চার দফা মৌলিক দাবি পূরণ না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি চলমান থাকবে।

এর আগে সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫’ আপাতত বাস্তবায়ন করা হচ্ছে না এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগের নিয়মেই কাজ চালিয়ে যাবে। তবে সংশোধনের মাধ্যমে ভবিষ্যতে এনবিআর বিলুপ্তির পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়।

ঐক্য পরিষদ তাদের বিবৃতিতে জানায়, অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যায় চারটি মৌলিক দাবির বিষয়ে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি নেই। তাদের ভাষ্য অনুযায়ী, সরকার এখনো অধ্যাদেশ বাতিলের ঘোষণা দেয়নি, এনবিআর চেয়ারম্যানকে অপসারণের কোনো সিদ্ধান্ত জানায়নি, রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ প্রকাশ করেনি এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি টেকসই সংস্কার প্রক্রিয়া চালুর প্রতিশ্রুতিও দেয়নি।

সংগঠনটি আরও জানায়, অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা সমঝোতা বৈঠকের বিষয়ে তারা অবগত নয় এবং ওইদিন কোনো আনুষ্ঠানিক বৈঠকও অনুষ্ঠিত হয়নি। ঐক্য পরিষদ দাবি করে, তারা পূর্বে কখনোই পদ-পদবি হ্রাস বা বৃদ্ধির বিষয়ে কোনো বক্তব্য দেয়নি, এসব তাদের দাবি ছিল না।

ঐক্য পরিষদ জানায়, পূর্বঘোষিত কর্মসূচি ২৪ মে (শনিবার) থেকে যথারীতি চলবে। করদাতা ও সেবাপ্রার্থীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তারা বলেছে, এই কর্মসূচি রাজস্ব ব্যবস্থার টেকসই সংস্কারের স্বার্থে। দাবি পূরণ হলে অতিরিক্ত সময় কাজ করে অনিষ্পন্ন কার্যক্রম শেষ করারও প্রতিশ্রুতি দেয় তারা।

চারটি মৌলিক দাবির মধ্যে রয়েছে: অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ, সংস্কার পরামর্শক কমিটির সুপারিশ জনসমক্ষে প্রকাশ এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে একটি টেকসই রাজস্ব সংস্কার প্রক্রিয়া নিশ্চিত করা।

সংগঠনটি সরকারের সদিচ্ছাকে স্বাগত জানালেও বলেছে, শুধু ইঙ্গিত নয়, দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা চাই। দাবি মেনে নেওয়া হলে সঙ্গে সঙ্গেই কর্মসূচি প্রত্যাহার করা হবে বলেও জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

আরও পড়ুন : আন্দোলনের মুখে এনবিআর বিভাজন থেকে সরে এলো সরকার

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *