রাজউকের নকশায় হ্যাকারদের ‘নীল নকশা’

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাজউকের সার্ভার হ্যাক করে কয়েকটি ভবনের অনুমোদন নেয়ার ঘটনায় সংশ্লিষ্ট নকশাগুলো বাতিল করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজউক জানায়, সার্ভারে অনুপ্রবেশ করে একটি চক্র অনুমোদন না পাওয়া একটি ভবনের নকশা অনুমোদিত দেখায়। ভবনটি জলাভূমি ও উচ্চতা সীমার আওতায় থাকায় এর অনুমোদন আগে নাকচ হয়েছিল।

সোমবার রাজউকের ই-সিস্টেম (ইসিপিএস) সার্ভারে ১৭ মিনিটের জন্য চক্রটি প্রবেশ করে। এই সময়েই ১৫ তলার একটি ভবনের ১৮৫টি ইউনিট অনুমোদিত দেখায় তারা।

রাজউক জানায়, বিষয়টি নজরে আসার পর তদন্ত করে আরও তিনটি ভবনের নকশা অনুমোদনের চেষ্টা শনাক্ত করা হয়। এরপরই নিরাপত্তার স্বার্থে সার্ভার সাময়িকভাবে বন্ধ করে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

তদন্তে দেখা যায়, অনুমোদিত নকশায় রাবেয়া বারী নামের এক প্রকৌশলীর স্বাক্ষর রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, মতিঝিল এলাকার ‘নীল নকশা’ নামে একটি কম্পিউটার দোকানের কর্মী স্বপন এ ঘটনায় জড়িত।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে দেখা যায়, ওই দোকানের মালিক এনামুলের ক্রেডিট কার্ড ব্যবহার করে রাজউকের ফি পরিশোধ করা হয়েছিল।

রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, “এ ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *