দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে বিবেচিত হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সফরটি রাজনৈতিক তাৎপর্যপূর্ণ হলেও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির বাস্তবায়ন ইস্যু গুরুত্ব পাবে আলোচনায়। পাশাপাশি রাজনৈতিক বোঝাপড়া, পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিসহ আঞ্চলিক ইস্যু নিয়ে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।
দিল্লি সফর শেষে ঢাকায় পৌঁছানো কাপুর বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। একই দিন সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গেও মতবিনিময়ে অংশ নেবেন।
সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে তার বৈঠক নির্ধারিত রয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও রয়েছে তার সূচিতে।
ঢাকায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, সফরের উদ্দেশ্য দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা। বৈঠকগুলোতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।
