আতাইকুলায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্র উদ্ধার, আটক ২

পাবনা প্রতিনিধি

2 Min Read

পাবনার আতাইকুলা থানার লক্ষীপুর ইউনিয়নের চতরার বিলে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে একটা রিভলবারসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ ও দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, পাবনা সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের মোস্তফা আলীর ছেলে মনির হোসেন (৪০) ও একই উপজেলার খোদাইপুর গ্রামের দিরাজ হোসেনের ছেলে রেজাউল করিম (৪২)।

আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল ইসলাম মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে চতরা বিল এলাকার সন্ত্রাসী ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় আতাইকুলা থানা পুলিশ। বিলের মধ্যে ঘাঁটি থেকে একটি রিভলবার, তিনটি গুলিসহ ওয়ানশুটারগান তৈরির ব্যাট, ব্যারেল, ছাঁচ, কাটিং মেশিন, ড্রিল মেশিন, ওয়েলডিং মেশিন, লোহার পাত, গানপাউডারের মতো উপকরণসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি আরো জানান, আটককৃত দুইজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি, চাঁদাবাজির ও বিল দখলের জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল। তবে এর পেছনে বিল ইজারাদার ফজলু মুলহোতা ময়েজকে নিয়ে বড় নেটওয়ার্ক তৈরীর চেষ্টা করছিল।

স্থানীয়রা জানান, চতরা বিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল। দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল।

আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম আরো জানান, ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চতরা বিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। উক্ত ময়েজের নামে একাধিক অস্ত্র মামলা রয়েছে। অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও আইনের আওতায় আনা হবে। থানায় মামলা দায়ের করে আটক দুইজনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *