রাজিব রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’ প্রথমবারের মতো ঢাকায় প্রদর্শিত হতে যাচ্ছে। ফ্রান্সে প্রদর্শনের পর এবার দেশীয় দর্শকদের সামনে আসছে চলচ্চিত্রটি।
প্রদর্শনীর আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দে ঢাকা। আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির অডিটোরিয়াম ‘নুভেল ভাগ’-এ ছবিটি প্রদর্শিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনী শেষে নির্মাতা রাজিব রাফির সঙ্গে দর্শকদের সরাসরি মতবিনিময় ও আলোচনা পর্ব অনুষ্ঠিত হবে। এতে চলচ্চিত্রটির নির্মাণপ্রক্রিয়া ও ভাবনা নিয়ে কথা বলবেন তিনি।
১৫ মিনিট দৈর্ঘ্যের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’ সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পেয়েছে। চলচ্চিত্রটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল ২০২৫- এ যা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ আসর হিসেবে বিবেচিত।
চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে খনা টকিজ ও সিনেমা কোকোন। আন্তর্জাতিকভাবে এর পরিবেশনার দায়িত্বে রয়েছে সিনেলিও, যারা ইতোমধ্যে দুবাই ও মিশরে চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করেছে।
এ ছাড়া গতবছর চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে টরোন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভাল এবং সান জিও ভেরোনা ভিডিও ফেস্টিভালে । আয়োজক সূত্র জানিয়েছে, সামনে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির বর্ণনা এগোয় এক রহস্যময় আত্মার দৃষ্টিকোণ থেকে; যেখানে জীবনের বিচ্ছিন্ন কিছু চরিত্র এক নির্বাক স্ত্রী, স্বপ্নবাজ গোলরক্ষক, অস্থির পিতা এবং আকাঙ্ক্ষায় চালিত মানুষদের মাধ্যমে ফুটে ওঠে অদৃশ্য বাস্তবতা। এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ এই ফিল্মটির জঁনরা পুরোটাই ম্যাজিক রিয়েলিস্টিক বলে দাবি করেন পরিচালক রাফি। এছাড়াও তিনি তাঁর চলচ্চিত্রটিকে একটি সম্পূর্ণ “টীম এফোর্ট” হিসেবে পুরো কাস্ট অ্যান্ড ক্র টীমের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।
‘ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর’ ছবিটির পুরোটাই ড্রোন ক্যামেরা ব্যবহার করে শুটিং করা হয়েছে বলে জানান তিনি। এর কারণ ও উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, একটা ঘোস্ট লাইক পারসেপশন তৈরী করতেই ড্রোন ব্যবহার করা। অদ্ভুত এবং ভয়ঙ্করের মধ্যে এক জাদু বাস্তবতাময় ভিজ্যুয়াল একটা জার্নি তৈরী করতেই এমনভাবে নির্মাণ পরিকল্পনা করি। শুধুমাত্র ড্রোন ক্যামেরায় শ্যুট করা হলেও সিনেমাটোগ্রাফিতে মুন্সিয়ানা দেখিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাজাহারুল রাজু, যোগ করেন পরিচালক।
ছবিটিকে এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ বলছেন রাফি। তিনি বলেন, ওয়ানস আপন এ টাইম ইন উয়ারী বটেশ্বর ছবিটি এক্সপেরিমেন্টাল, কিন্তু এর গল্পের গতিময়তাও আছে। আবার এটিকে ডিটেক্টিভ ফিকশনও বলা যায়। এটা এ কারণে বলছি, ডিটেক্টিভ গল্প মানেই মিসিং পারসনকে খোঁজার গল্প।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
