মিনায় ইবাদতে মগ্ন হাজিরা, শুরু হজের আনুষ্ঠানিকতা

এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে হজ পালন করছেন প্রায় ৭৮ হাজার ৫০০ মানুষ। 

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম আজ শুরু হচ্ছে। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজি গতকাল রাত থেকেই মিনায় অবস্থান নিতে শুরু করেছেন। সৌদি আরব সরকারের নির্দেশনা অনুসরণ করে হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশি হাজিদের মিনায় পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন করে মক্কায় বাংলাদেশ হজ অফিস ও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো। শরিয়তের বিধান অনুযায়ী আজ ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করবেন এবং সেখানে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন।

মিনায় রাতযাপনের পর আগামীকাল ৯ জিলহজ হাজিরা আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ বছর আরাফাতের খুতবা দেবেন মসজিদে নববির প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি।

খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে অবস্থান করবেন। ইসলামী শরিয়ত অনুযায়ী আরাফাতে অবস্থান করাই হজের প্রধান রোকন।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন। পরে ১০ জিলহজ ভোরে মিনায় ফিরে বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন। এরপর পশু কোরবানি এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করার মাধ্যমে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে বাকি আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মিনা ত্যাগ করবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *