আমিরাতের কাছে সিরিজও খোয়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

1 Min Read

শঙ্কাই বাস্তবে রূপ নিল। সহযোগী সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ২–১ ব্যবধানে হেরে গেল বাংলাদেশ। শারজাহতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকরা ৭ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নেয়।

এর ফলে দ্বিতীয়বারের মতো কোনো সহযোগী সদস্য দেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষেও এমন লজ্জার মুখে পড়েছিল টাইগাররা।

আজকের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি—৮৪ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয়। তবে ইনিংসের শেষদিকে হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও জাকের আলীর লড়াকু ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায় সফরকারীরা।

শেষ ওভারে আসে নাটকীয় ২৬ রান। ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন হাসান মাহমুদ, আর শরীফুল খেলেন মাত্র ৭ বলে ১৬ রানের ক্যামিও ইনিংস। মূল ভিত গড়ে দিয়েছিলেন ওপেনার তানজিদ হাসান, যিনি ১৮ বলে খেলেন ঝড়ো ৪০ রানের ইনিংস।

তবে লড়াকু স্কোর গড়েও জয় ধরা দিল না। জয়ের লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক আমিরাত। পাওয়ার প্লেতেই তোলে ৫০ রান, হারায় একমাত্র উইকেট—অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের।

রাহুল চোপড়া, আলিশান শারাফু ও আসিফ খানের কার্যকর ব্যাটিংয়ে অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যায় আমিরাত।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *